চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশন (ইউনিট-২) নামে একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার বড়উঠান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় স্টেশনের ওপরের টিনের চালা উড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
স্টেশনের মালিক আনোয়ার হোসেন বলেন, স্টেশনে বিভিন্ন সাইজের ৪৫টি সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। মেশিনের প্রেসারের কারণে এমন দুর্ঘটনা হতে পারে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছে।