পাটুরিয়া-দৌলতদিয়া

স্রোতে পারাপার ব্যাহত দুপারে দীর্ঘ যানজট

তীব্র স্রোত ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যানবাহনের তীব্র যানজট দেখা দিয়েছে। গতকাল বুধবার ভোর থেকে পাটুরিয়া জিরো পয়েন্টে প্রায় ৪ কিলোমিটার যানজট ছিল। দুপুর দেড়টার দিকে প্রায় ৮ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহন আসায় নাকাল অবস্থার সৃষ্টি হচ্ছে। শিমুলিয়া- দৌলতদিয়া নৌরুটের ফেরি এ বহরে যোগ দিয়েও যানজট কমানো যাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীতে তীব্র স্রোত। এ কারণে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে সময় লাগছে ১ ঘণ্টা ১০-২০ মিনিট। আর দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় আসতে সময় লাগে ৪৫-৫০ মিনিট। যেখানে নদী স্বাভাবিক থাকলে উভয় ঘাট থেকে গন্তব্যে আসতে সময় লাগত ৩০-৩৫ মিনিট। এ কারণেও যানজট কমানো যাচ্ছে না।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী, গতকাল দুপুর দেড়টার দিকে পাটুরিয়া প্রান্তে ১৫০টির মতো যাত্রীবাহী বাস, অর্ধশত ব্যক্তিগত যানবাহন এবং ৬০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। ট্রাকের প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে। সময় যত যাচ্ছে সঙ্গে সঙ্গে উভয় ঘাটেই যানবাহনের সংখ্যা বাড়ছে।