দুই তুর্কি সামরিক কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

তুরস্ক সফররত সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভ সেভের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়ের সঙ্গে সাক্ষাতে তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। গত সোম ও মঙ্গলবার দুই দিনে সেনাবাহিনীপ্রধান তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলোচনায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, প্রশিক্ষণ বিনিময়, ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

তুর্কি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তুর্কি আনম্যানড্ এরিয়াল সিস্টেমের (ইউএএস) অপারেশন কন্ট্রোল রুম, আর্মি এভিয়েশন সদর দপ্তর এবং তুর্কি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি আঙ্কারায় মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি ও জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তার (কামাল আতাতুর্ক) স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন তিনি।