সিরাজগঞ্জে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক মংওয়াইচিং মারমা (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল র্যাব-১২র অফিসের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রু মারমার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এদিন সকালে ঢাকাগামী কাভার্ডভ্যান ও নাটোরগামী যাত্রীবাহী বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যাব-১২’র প্রধান কার্যালয়ের সামনে এসে পৌঁছামাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কাভার্ডভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় হেলপারসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান থানা হেফাজতে নিয়ে রাখে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।