দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
করোনার পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়। বিএনপি চেয়ারপারসন দুই মামলাতেই বর্তমানে জামিনে আছেন।
গত ১৮ আগস্ট মামলা দুটির শুনানির তারিখ নির্ধারিত ছিল। করোনা মহামারি রোধে সরকার ঘোষিত লকডাউনে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানি স্থগিত ছিল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিমের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরের বছরের ১২ নভেম্বর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।
এছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন করার অভিযোগ এনে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়।