শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস

কভিড-১৯ মহামারির কারণে দেড় বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শহীদ মিনারে ‘প্রতীকী ক্লাস’ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ক্লাস নেওয়া শুরু করেন অধ্যাপক রায়হান রাইন। পরে বৃষ্টি বাধার কারণে কলা ও মানবিক অনুষদ ভবনের করিডোরে ক্লাসের বাকি অংশ নেন তিনি।

অধ্যাপক রায়হান রাইন বলেন, আমাদের এই প্রতিবাদী ক্লাস আজকে থেকে শুরু হয়েছে এবং এটা জারি থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির পক্ষে থাকা অন্যান্য শিক্ষকরাও পরবর্তী দিনগুলোতে এভাবে ক্লাস নেবেন।

‘উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ’ বিষয়ে প্রায় এক ঘণ্টার এ ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ক্লাসের আলোচনায় অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘ফ্যাসিজমের একটা উপায় হলো সত্যকে আড়াল করা। ক্ষমতাই হলো সেখানে প্রধান বিবেচ্য বিষয়। সেখানে যৌক্তিকতার কোনো স্থান থাকে না।’

গতকাল বুধবার অধ্যাপক রায়হান রাইন সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ আগামী ২৯ আগস্ট সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন।