রৌমারী সীমান্তে চোরাকারবারির সঙ্গে বিজিবির সংঘর্ষ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তের ১০৫৯ ও ১০৬০ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বিজিবি চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। সংঘর্ষের সময় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

বিজিবি ও স্থানীয় সত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৫৯ ও ১০৬০ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশে বাঁশের তৈরি চড়কের মাধ্যমে  ভারত থেকে অবৈধ পথে গরু পার করছিলেন। এ সময় গয়টাপাড়া বিওপির বিজিবি’র টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিজিবির উপর চড়াও হয়।

বিজিরি সদস্যরা আত্মরক্ষা ও তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছুড়লে, চোরাকারবারিরা পালিয়ে যায় । এ ঘটনায় চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্তাছির বিল্লাহ জানান, সীমান্তে বিজিবি’র সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে বিজিবি কোনো লিখিত অভিযোগ করেনি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপর হামলা করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি। চোরাকারবারিদের ইট পাটকেলের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।