নোয়াখালীর সোনাইমুড়ীতে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগে ঢাকা থেকে সাগর সর্দার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঢাকার জগন্নাথপুর বাড্ডা অ্যাপোলো হাসপাতাল এলাকার একটি তিনতলা ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।
আটক সাগর সর্দার শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার ছওগা ইউনিয়নের নাজিরপুর গ্রামের নূর মোহাম্মদ সর্দারের ছেলে। উদ্ধার ওই ছাত্রী সোনাইমুড়ীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযোগে জানা যায়, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাগরের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। এরপর থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন সাগর। কিন্তু এতে ছাত্রীর পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।
এর সূত্রধরে গত শুক্রবার (২০ আগস্ট) তার অবস্থান নিশ্চিত হন সাগর। ওই দিন বিকেলে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী। পথে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায় সাগর। পরে ঢাকার বাড্ডা এলাকার একটি বাসায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন সাগর।
পুলিশ জানায়, স্কুলছাত্রীর কোনো খবর না পেয়ে গত শনিবার তার বাবা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে তাকে উদ্ধার ও অপহরণকারী সাগরকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ঘটনায় আটককৃত আসামি সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।