কাবুল বিমান বন্দরের কাছে বড়সড় বিস্ফোরণ, নিহত অন্তত ১৩

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কয়েকটি মিত্র দেশ কাবুল বিমান বন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করার পর এমন ঘটনা ঘটলো। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা এখনো জানা যায়নি।

এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বিমানবন্দরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান যোদ্ধারাও বিস্ফোরণে আহত হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে থাকা তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে।

বিবিসিও এই বিস্ফোরণের ঘটনাকে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করেছে।

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরের একটি প্রবেশফটকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল তার ঠিক বাইরেই এই বিস্ফোরণ ঘটে।