শুক্রবার থেকে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে গত এপ্রিলে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
তারো আগে গত বছরের ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১ নভেম্বর থেকে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।