দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সিলেবাস থেকে দলিত-নিগ্রহ নিয়ে ভারতের বিশিষ্ট লেখক মহাশ্বেতা দেবীর ছোটগল্প ‘দ্রৌপদী’ বাতিল করা হয়েছে। অভিযোগ উঠেছে, তার সঙ্গে আরও দুজন দলিত লেখকের লেখা বাতিল করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। ১৯৯৯ সাল থেকে পাঠ্যক্রমে থাকা ‘দ্রৌপদী’ গল্প কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকদের একাংশ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রতিবাদ জানান তারা। এরপর গতকাল বৃহস্পতিবার কাউন্সিলের ১৫ সদস্য ওভারসাইট কমিটির বিরুদ্ধে প্রতিবাদপত্র জমা দেন।
শিক্ষকদের অভিযোগ, এলওসিএফের (লার্নি আউটকামস বেজড কারিকুলাম ফ্রেমওয়ার্ক) পঞ্চম সেমিস্টারের ইংরেজি সিলেবাসে বর্বর আক্রমণ চালানো হয়েছে। প্রথমে দুই দলিত লেখক বামা আর সুকর্তারিণীর লেখা বাদ দেওয়া হয়। এরপরই কমিটি হঠাৎ ইংরেজি বিভাগকে মহাশ্বেতার দ্রৌপদী গল্প বাদ দিতে বলেছে। জ্ঞানপীঠ, পদ্মবিভূষণ, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত এ লেখকের অন্য কোনো লেখা গ্রহণ করতেও রাজি হয়নি। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যার মতো বিষয়গুলোতে সিলেবাস কমিটির সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই পাঠ্যক্রম বদলে ফেলা হচ্ছে তারা জানান।