‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া সম্প্রতি পরিবারসহ ডাকাতের কবলে পড়েছিলেন। দেশ রূপান্তরকে সালওয়া জানান, গত ২৫ আগস্ট, রাত ৮টার দিকে পরিবারসহ তিনি ডাকাতের কবলে পড়েছিলেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করলে পুলিশ এসে তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং দুর্বৃত্তদের একজনকে গ্রেপ্তার করেছে।
সালওয়া বলেন, ‘বুধবারে আমরা একটা কাজে কেরানীগঞ্জে গিয়েছিলাম। সেখান থেকে সন্ধ্যার পর ফেরার সময় কেরানীগঞ্জের পরে রোহিতপুর নামক একটা জায়গার কাছাকাছি আসলে রাত ৮টার দিকে ৪ থেকে ৫ জন ছেলে মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির পথ আটকায়। তারা বলতে থাকে তাদের মোটরসাইকেলের সঙ্গে নাকি আমাদের গাড়ির ধাক্কা লেগেছে, ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। অথচ ওখানে কোনো দুর্ঘটনাই ঘটেনি। ড্রাইভারের পাশের সিটে আব্বু বসা ছিলেন। আর পেছনে আমি আর আম্মু। তারা আব্বু ও ড্রাইভারকে গাড়ি থেকে নেমে কথা বলতে বলে। কিন্তু ওই জায়গাটা অন্ধকার ছিল। আমরা তাদেরকে সামনে গিয়ে কথা বলতে বলি, তারা রাজি না হয়ে দুর্ব্যবহার করতে থাকে। শুধু তাই নয়, আমাদের ড্রাইভারকে তারা প্রাণ নাশের হুমকিও দেয়।’
এই ঘটনায় ভয় পেয়ে পুলিশের জরুরি সেবায় ফোন দেওয়ার কথা জানিয়ে সালওয়া বলেন, ‘এই ঘটনায় প্রথমে আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম। পরে বিপদ বুঝতে পেরে ৯৯৯ এ কল দিই। ফোন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা সেখান থেকে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।‘
সালওয়া আরও বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দাবি করেছিল। পরবর্তীতে তারা থানায় গিয়ে জানতে পারেন, এরা সবাই সংঘবদ্ধ চক্র। ডাকাতি ও চাঁদাবাজি করায় এদের কাজ।’
সালওয়ার বাবা রফিকুল থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত বিচার আইনে মামলা নিয়েছে। আকস্মিক ঘটনায় পুলিশের কাছ থেকে দ্রুত সাড়া পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালওয়া।
পুলিশকে ধন্যবাদ জানিয়ে সালওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইলো 999 National Emergency Service ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি এবং আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’
উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন নিশাত নাওয়ার সালওয়া। এরপর মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের পাশাপাশি সিনেমাতেও কাজ করেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখো রাজকন্যা’ সিনেমা দিয়ে তিনি রূপালি পর্দায় পা রাখেন। বর্তমানে কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। এর মধ্যে কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে অভিনয় করেছেন। ছবিটির শুটিং অসমাপ্ত অবস্থাতেই পরলোকগমন করেন কবরী। তার অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ ছবির কাজও শেষ। বেশ কিছু সিনেমাতে কাজ করলেও এখনো কোনো ছবি মুক্তি পায়নি তার।