তুরস্কে সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত ১৮ আগস্ট দুপুরে ঢাকা থেকে ইস্তাম্বুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে আরও বলা হয়, ইস্তাম্বলে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এবং তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইসমাইল দেমির সঙ্গে সাক্ষাৎ এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ২০২১-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। পরে আঙ্কারা পৌঁছে
মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিস্থল ও জাদুঘর পরিদর্শন করেন তিনি। এছাড়া তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভসেভের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) পরিদর্শন করেন। এনডিইউর রেক্টর ইরহান আফইয়োনজু তাকে সংবর্ধনা প্রদান করেন। ঢাকা প্রত্যাবর্তনের আগে তুরস্কের প্রথম আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেমাল ইয়েনি-ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।