মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় ৪৫ ছাত্র হাসপাতালে

দিনাজপুরের বীরগঞ্জে পাবনাগাড়া তাজুল উলুম এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে খাদ্যে বিষক্রিয়ায় ৪৫ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত একে একে ৪৫ ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাদ্রাসার রান্না ঘরের পাশ থেকে সমীকরণ নামে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজা সুলতানা বলেন, ইতিমধ্যে শিশুরা কিছুটা সুস্থ হয়ে উঠছে। উদ্ধার হওয়া কীটনাশকের বোতলটি পরীক্ষা করা হচ্ছে।