সংবাদ সম্মেলনে বক্তারা

দূষণমুক্ত নগর গড়তে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা জরুরি

প্রতিদিন ঢাকার দুই সিটিতে দৈনিক প্রায় ১০ হাজার টন বর্জ্য তৈরি হয়। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও ঢাকায় এখনো আধুনিক, টেকসই ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এ বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা না গেলে পরিস্থিতির আরও অবনতি হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা কলিং প্রকল্পের আওতায় সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ঢাকার চারটি বস্তির বর্জ্য ব্যবস্থাপনার জন্য গৃহীত ঢাকা কলিং প্রকল্পের অধীনে ইউএসএইড ও এফসিডিওর অর্থায়নে এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে), কোয়ালিশন ফর আরবান পুওর (সিইউপি), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজেনাস নলেজ (বারসিক) ও ইনসাইটসের সম্মিলিত জোট বস্তি এলাকায় কমিউনিটির নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান। সভাপতিত্ব করেন  হোসনে আরা রাফেজা বেগম।