নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ঘোরাঘুরির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে নায়িকা সুখে থাকার ঘোষণা দিলেন। ছবিতে সমুদ্র সৈকতের ধারে মাহিকে একা একা ঘুরতে দেখা গেলেও তার ছবি তুলেছেন কে, বা তার সঙ্গে কে রয়েছে সেটা জানা যায়নি। মাহি ছবিগুলো পোস্ট করে লিখেছেন, 'পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ।'
মাহিয়া মাহি সম্প্রতি ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের যোগ দিয়েছেন। ইতিমধ্যে ওয়েব সিরিজের শুটিং শুরু করছেন বলে জানিয়েছেন তিনি। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন। বিগ বাজেটের ওয়েব সিরিজটি ১৫০ পর্বে দেখতে পাবেন দর্শক। এর নির্মাণকাজ শুরু হয়েছিল গত বছর। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় আবার ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়েছে। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিলেন মাহিয়া মাহিসহ মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।
শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে।