লুডু মাস্টারের চরিত্রে রাশেদ মামুন অপু

নানামাত্রিক চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকনন্দিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। এই অভিনেতা এবার হাজির হতে যাচ্ছেন ‘লুডু মাস্টারে’র চরিত্রে। মাহফুজ ইসলামের গল্প ভাবনা, চিত্রনাট্যে ও পরিচালনায় নাটকটি সম্প্রতি নির্মিত হয়েছে। ‘লুডু মাস্টার’ নামের এই নাটকের নাম চরিত্রেই অভিনয় করেছেন অপু। নাটকটির শুটিং হয়েছে পুবাইলে পনিরের বাড়িতে। এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মুকিত জাকারিয়া, শাকিলা আকতার, কেয়া মণি, হারুন রশিদ, শেখ স্বপ্না, বাদল, আনোয়ার হোসেন, ইমরান হাসু ও প্যারিস প্রমুখ।

পরিচালক মাহফুজ ইসলাম বলেন, আমি অনেক দিন ধরেই এ কাজটি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। খুব কঠিন একটি কাজ করলাম। সকলের সহযোগিতা আর ভালোবাসা নিয়ে একটি ভালো কাজ উপহার দিতে চাই দর্শককে।

তিনি আরও বলেন, নাটকটিতে একটি টাইটেল সং রাখা হয়েছে। এটির গীতিকবি আশাজ যুবায়ের। এখানের সুর ও কণ্ঠ দিয়েছেন রেইন। এ ছাড়া মিক্সড অ্যান্ড মাস্টারিং সিরাজুল সালেহীন ও কম্পোজিশন নৈনামিক। 

নৈনামিক প্রোডাকশনস প্রেজেন্ট গালিব হাসানের প্রযোজনায় নাটকটি এসএটিভির জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানালেন পরিচালক।