ছাত্রকে বলাৎকার: ব্যবস্থা নেয়নি মাদ্রাসা পরিচালনা কমিটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নে শিশুকে (১২) প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. আবু রায়হানকে (২৪) সিরাজগঞ্জ র‌্যাব-১২ শুক্রবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার রায়হান রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা। 

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। 

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানায় ১২ বছরের ছেলেকে তার বাবা এক বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি করেন। সে ওই মাদ্রাসার আবাসিকে থেকে পড়ালেখা করে আসছে। গত ১১ আগস্ট রাতে তাকে ডেকে নিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে ওই মাদ্রাসার শিক্ষক আবু রায়হান বলাৎকার করে। এর কয়েকদিন পর ওই শিক্ষকের আবারও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে। ওই শিক্ষক পরদিন সে বাড়ি চলে যেতে চাইলে তাকে ছুটি না দিয়ে আটকে রাখে। ১৯ আগস্ট মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে বাড়ি গিয়ে বিষয়টি তার বাবা মাকে খুলে বলে। 

র‌্যাব জানায়, এ বিষয়ে ওই মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে বিচার চেয়ে না পেয়ে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ২২ আগস্ট সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করে। মামলা সূত্রে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল ঢাকার ভাটারা থানার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সলঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।