চকরিয়ায় ১৯টি বুনো হাতির একটি পাল লোকালয়ে

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১৯টির মতো বুনো হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে বুনো হাতির পালটি মানিকপুর বন বিটের অধীনে সুরাজপুর দক্ষিণের ছিড়ামোরা নামক এলাকায় এখনো অবস্থান করছিল।

হাতির পালের সামনে পড়ে ছফুর আলম (৩০) নামের এক পথচারী যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহত সফুর আলম চকরিয়া কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা বেপারীপাড়ার মো.আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশে পাহাড়ে হাতির পালটি অবস্থান করছে। সেখানে কৃষকদের নানা খেত-খামার আছে। হাতির পাল খেত-খামারের কি রকম ক্ষতি করছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এক সাথে এতগুলো বুনো হাতি আর কখনো দেখেননি বলে এলাকাবাসী জানান

এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) আশিকুর রহমান বলেন, হঠাৎ বুনো হাতির একটি পাল লোকালয়ে এসেছে ঠিক। তবে বুনো হাতির পালটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়ার জন্য বনকর্মীরা কাজ করছেন।