বরিশালে বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছে এক শিক্ষার্থী। তার নাম ফাহাদ হাসান (১৭)। সে বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুুব হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজ করছে বলে জানান বরিশার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক।
তিনি বলেন, ‘ সোয়া ৫টার দিকে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে পুরো বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ওই ছাত্রকে খুঁজতে নদীতে অভিযান চালাচ্ছেন।
ভ্রমণে বের হওয়া অপর বন্ধু ইকবাল মাহামুদ বলেন, ‘খেয়াঘাট থেকে আমরা ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করে রওনা দিই। ঘাট ছেড়ে মাঝনদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ মাথা ঘুরে নদীতে পড়ে যায়। তখনই আমরা ৯৯৯ নম্বরে কল করি। এর কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর ট্রলারে চেপে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় দ্বীপ ঘোষ (১৬) নামের এক কিশোর। এর দুদিন পর তার লাশ পাওয়া গিয়েছিল।