কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেন মুন্সীর ছেলে মো. নুরুল ইসলাম (৬৮) ও মো. মোস্তফা কামাল (৬১) এবং একই এলাকার মো. কাউছারের স্ত্রী নারগিছ (৩০)। র্যাব-১১ সিপিসি-২-এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ওই নির্যাতনের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার নজরে পড়ে।
এ বছরের ২৪ মে বিকেল ৩টায় এক কিশোরীকে একটি খালি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় কুরছাপ গ্রামের মৃত আলী হোসেন মুন্সীর ছেলে হাসান। এ ঘটনা হাসানের চাচি দেখে ফেললে স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হয়। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন এসে ওই কিশোরীকে ঘর থেকে উদ্ধার করেন। পরদিন ওই কিশোরীর বাবা মো. জামাল হোসেন কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
পরে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় মামলা তুলে নিতে ওই কিশোরীর পরিবারকে চাপ দেয় হাসানের পরিবার। এতে কোনো কাজ না হওয়ায় প্রথমে ওই কিশোরীর বাবাকে পরে কিশোরীকে বেদম মারধর করে হাসানের পরিবারের লোকজন। ২০ আগস্ট দুপুরে হাসানের বড় ভাই কাউছার কিশোরীর মাকে রাস্তায় পেয়ে প্রকাশ্যে লাঠিপেটা করেন।