আওয়ামী লীগের ব্যর্থতার কারণেই সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম ডুবছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘কয়েক বছর ধরে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো চট্টগ্রাম নগরী পানিতে তলিয়ে যায়। গত মঙ্গলবার এক রাতের সামান্য বৃষ্টিতেই আবারও নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর চকবাজার ডিসি রোড ও ধুনিরপুল এলাকায় করোনা ও ডেঙ্গু সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে ডা. শাহাদাত এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, করোনা মহামারীর এই সময়ে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ যে হারে মশার উৎপাত বেড়েছে তাতে নগরবাসী আতঙ্কিত। মশার উপদ্রবে মানুষ ঘরে টিকতে পারছে না। দিনে-রাতে মশার উৎপাতে নগরবাসী এখন অস্থির। বিভিন্ন খাল-নালা বর্জ্য ও মাটি দিয়ে ভরাট হওয়ায় স্বাভাবিক পানি চলাচলে ব্যাঘাত ঘটেছে।