এক সময় যিনি বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে বল ধরেছেন, রান নিয়েছেন; সেই তিনিই এখন চলৎশক্তিহীন। সিডনির হাসপাতাল থেকে ক্যানবেরায় বাসায় ফিরলেও সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস নড়াচড়া করতে পারছেন না। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তার সেরে উঠতে সময় লাগবে।
অস্ত্রোপচারের সময় একটা স্ট্রোক হয়েছিল কেয়ার্নসের। এতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। আইনজীবী অ্যারন লয়েড জানিয়েছেন, ‘সিডনিতে জরুরি ভিত্তিতে ক্রিসের জীবন বাঁচাতে যে অস্ত্রোপচার করা হয়েছিল, সেই সময় মেরুদণ্ডে স্ট্রোক (কোনো কারণে মেরুদণ্ডে রক্ত চলাচল ব্যাহত হলে এটা হয়) হয়েছে তার। এর ফলে তার পা দুটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। আপাতত বিশেষায়িত হাসপাতালের অধীনে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে তাকে। ক্রিস এবং তার পরিবার একসঙ্গে সময় কাটাতে চায়, সেটা যেখানেই সম্ভব হোক না কেন। তার সেরে ওঠার জন্য যতটা উন্নতি প্রয়োজন, সেদিকে নজর দিতে চায় তার পরিবার।’ মাসখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যানবেরার এক হাসপাতালে ভর্তি হন কেয়ার্নস।