গর্তে জমা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

রাজধানীর চকবাজারের বিদ্যুৎস্পৃষ্টে বাবলু (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

ওই এলাকার ইসলামবাগ হাজী নুর হোসেন গলিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় বাবলুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টায় মৃত ঘোষণা করেন।

বাবলুকে হাসপাতালে নিয়ে যান সহকর্মী চান মিয়া। তিনি জানান, বাবলুর বাড়ি ভোলা দৌলতখান উপজেলায়। তার বাবার নাম আ. রব। তারা থাকেন কামরাঙ্গীরচরে। 

ইসলামবাগের নুর হোসেন গলিতে মাটি কাটার কাজ করছিলেন বাবলু। সেই গর্তে বৃষ্টির পানি জমেছিল। সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচের সময় গর্তে নামলে বিদ্যুতায়িত হয়ে থাকা পানি থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে বাবলু। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।