নোয়াখালীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (৪০) সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী বাজার থেকে মালবাহী সোনাপুরগামী একটি কাভার্ডভ্যান মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা চালক আবদুর রহিম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।