নিখোঁজ যুবককে খুঁজতে পানিতে নেমে ডুবুরির মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীতে এক যুবককে খুঁজতে পানিতে নেমে আব্দুল মতিন (৪২) নামে রংপুর ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে।

এদিকে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টায়ও যুবকের খোঁজ মেলেনি।

শনিবার সকাল সাড়ে ৯টায় জেলার কাহারোল উপজেলার ভদ্রবাজারে ঢেপা নদীতে ডুবুরি মারা যান।

আব্দুল মতিন রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। শনিবার সকালে রংপুর থেকে ডুবুরির দলটি দিনাজপুরে আসে।

গত শুক্রবার দুপুর ১২টায় ভদ্রবাজারে ঢেপা নদীতে কান্তজিউর বিগ্রহ আনার আসার সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন কাহারোল উপজেলার পূর্ব সুলতাবপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে বুধু দেব শর্মা (২২)। এরপর থেকে এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার কাজ শুরু করে।

এ সময় নদীতে ডুব দিলে ডুবুরির কোমরে বাঁধা রশি পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে ডুবুরি আব্দুল মতিন দীর্ঘ সময় পানির নিচে আটকে ছিলেন।

পরে অন্যান্য ডুবুরিরা টের পেয়ে নদীতে নেমে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মর্তুজা সরকার জানান, মেডিকেলে ডুবুরি সদস্যকে আনার পূর্বে তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে।