প্রথম ছবি ‘ডক্টর নো’র ৬০ বছর পূর্তি হতে যাচ্ছে সামনের বছর। সে উপলক্ষের সঙ্গে মিলিয়ে মুক্তি পেতে যাচ্ছে সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’।
এবার ১৭তম জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এলো অন্যরকম খবর। প্রথমবারের মতো কোনো উৎসবের অফিশিয়াল সিলেকশন পেল জেমস বন্ড ছবি।
উৎসবের আর্টিস্টিক ডিরেকটর ক্রিশ্চিয়ান জানগেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরও জানান, ডেনিয়েল ক্রেগ অভিনীত অন্য জেমস বন্ড মুভি নিয়ে থাকছে বিশেষ আয়োজন।
লম্বা সময় ধরে উৎসব কর্তৃপক্ষ ও বিতরণ সংস্থা ইউনিভার্সেলের সঙ্গে আলোচনার পর ‘নো টাইম টু ডাই’-এর সুইস প্রিমিয়ারের সিদ্ধান্ত এসেছে।
এর আগে ২৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল আলবার্ট হলে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর, আর যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ৮ অক্টোবর।
ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’-এ ডেনিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন রামি মালিক, লিয়া সেড্যু, লাশানা লিঞ্চ, বেন উইলশ, নওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিস্টোফ ওয়াল্টজ ও র্যালফ ফিনেস।
এ দিকে জুরিখের উৎসব ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ অক্টোবর। উদ্বোধনী প্রদর্শনীতে থাকবে সুইস নির্মাতা মাইকেল স্টেইনারের তালেবান হোস্টেজ ড্রামা ‘অ্যান্ড টুমরো উই উইল বি ডেড’। আর শেষ ছবি হবে সাংবাদিকতা নিয়ে নির্মিত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ’।
উৎসবের অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ইটস জাস্ট আ পেজ হানি, চেজিং দ্য লাইন, হয়ার ইজ অ্যানা ফ্রাঙ্ক, আ হিরো, দ্য ওয়স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ও দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড।
উৎসবে গোল্ডেন আইকন সম্মাননা পাবেন হলিউড তারকা শ্যারন স্টোন। সম্মান জানানো হবে ইতালিয়ান নির্মাতা পাওলো সোরেটিনোকে। আর পুরো আয়োজনের তালিকা প্রকাশ হবে ৯ সেপ্টেম্বর।