রাজধানীর হাতিরঝিল থানাধীন উলনে বাড়ির মালিকের ভাইয়ের ইটের আঘাতে কামরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আজিজুল হাসিবও (১৯) আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানাধীন উলনের ৫৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আমিরুল ইসলাম জানান, তাদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রাম। বাবার নাম মৃত আবদুল করিম। দুই ছেলেসহ পরিবার নিয়ে উলনের ওই বাড়িটির ২য় তলায় ভাড়া থাকতেন কামরুল। পেশায় শেয়ার ব্যবসায়ী ছিলেন তিনি।
তিনি বলেন, শুক্রবার রাতে কামরুল বাসায় ছিলেন। তখন বাড়ির মালিকের ছোট ভাই কাজী জিকু (৩৭) বাইরে থেকে এসে মেইনগেটে ধাক্কাধাক্কি ও চেঁচামেচি করছিল। কামরুল ২য় তলা থেকে নিচে নেমে গেট খুলে দিলে তখন তার ওপর চড়াও হয় জিকু।
আমিরুল বলেন, তর্কাতর্কির একপর্যায়ে জিকু ইট দিয়ে কামরুলের মাথায় আঘাত করেন। তখন থামাতে গেলে কামরুলের ছেলে হাসিবের মাথায়ও আঘাত করেন জিকু।
তিনি বলেন, পরে রক্তাক্ত অবস্থায় কামরুলকে উদ্ধার করে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, বাড়ির গেট খোলাকে কেন্দ্র করে কামরুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি হয় বাড়ির মালিকের ছোট ভাই জিকুর।
তিনি বলেন, একপর্যায়ে জিকু ইট দিয়ে কামরুলের মাথায় আঘাত করেন। পরে আহত অবস্থায় কামরুলকে বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
মিনহাজুল জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।