করোনার উৎস কী? সিদ্ধান্ত দিতে পারেননি মার্কিন গোয়েন্দারা

কোভিড-১৯ এর উৎস নির্ণয় করতে পারেননি মার্কিন গোয়েন্দারা। এই ভাইরাস কি কোনো গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে নাকি প্রকৃতি থেকেই এসেছে তা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে বলে রিপোর্ট করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থা মিলে তৈরি করেছে এই রিপোর্ট। রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, করোনা ভাইরাস কোনো জৈব অস্ত্র নয়।

ওদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এর সূচনার প্রমাণ সংগ্রহের জন্য সময় শেষ হয়ে যাচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেদনটিকে ‘বিজ্ঞান বিরোধী’ বলে উড়িয়ে দিয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে যে কোভিডের সম্ভাব্য উৎপত্তি নিয়ে গোয়েন্দা সম্প্রদায় একমত হতে পারেনি।

"সব গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয় যে দুটি অনুমান যুক্তিযুক্ত: সংক্রামিত প্রাণী থেকে মানুষের দেহে এসেছে অথবা কোনো গবেষণাগার থেকে ছড়িয়েছে।"

রিপোর্ট অনুসারে, বেশ কয়েকটি গুপ্তচর সংস্থা ভেবেছিল যে কোভিড-১৯ "সংক্রামিত কোনো প্রাণীর সংস্পর্শ থেকেই মানুষের দেহে আসে বা ঘনিষ্ঠ প্রজননকারী ভাইরাস" থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তাদের "কম আত্মবিশ্বাস" ছিল।

একটি গোয়েন্দা সংস্থা "মাঝারি আস্থা" তৈরি করেছে যে, চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকেই দুর্ঘটনা বশত এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ওই গবেষণাগারে এক দশকেরও বেশি সময় ধরে বাদুড় এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল।

এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তদন্তে সহযোগিতা না করার কারণে চীনের সমালোচনা করে একটি বিবৃতি দেন।

তিনি বলেন, "এই মহামারীর উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য চীনের কাছে রয়েছে। তবুও শুরু থেকেই চীনের সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক তদন্তকারী এবং বিশ্ব জনস্বাস্থ্য সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে এই তথ্য লুকিয়ে রেখেছেন।"

তিনি বলেন, "বিশ্ব এর উত্তর চায় এবং যতক্ষণ না আমরা তা পাব ততক্ষণ আমি বিশ্রাম নেব না।"

বিশ্বব্যাপী প্রায় ৪৫ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী কোভিড-১৯ মহামারী ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে শুরু হয়েছিল।

চলতি বছরের শুরুতে উহান পরিদর্শনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি টিম এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, সম্ভবত একটি বাজারে বিক্রি হওয়া কোনো প্রাণী থেকে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস।

তবে অনেক বিজ্ঞানী তাদের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

করোনা ভাইরাসের উৎস নিয়ে তুমুল বিতর্কের মধ্যে ৩ মাস আগে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর গত মঙ্গলবার মঙ্গলবার ‘ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ডিএনআই) এর পক্ষ থেকে তার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। যা গতকাল প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে ভাইরাসটির উৎস নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি চীনের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।