কক্সবাজারের উখিয়ায় র্যাব ও বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে চারজন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা। তাদের গতকাল শনিবার বিকেলে উখিয়া থানায় সোপর্দ করা হয়। এদিকে গত এক সপ্তাহে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ডের অভিযানে ১০ লাখের অধিক ইয়াবা উদ্ধার এবং বহনকারী ককেজনকে আটক করা হয়েছে। তবে অপরাধী চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ৩৩ লাখ ৬৭ হাজার ৫৬৭ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় জড়িত থাকার অপরাধে ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়।