স্মরণসভায় পানিসম্পদ উপমন্ত্রী

জিয়া দেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল

জিয়াউর রহমানই বাংলাদেশে হত্যা-খুন-ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান খুনিদের পৃষ্ঠপোষকতার পাশাপাশি তাদের প্ররোচিত করেছিল। বঙ্গবন্ধুর খুনিরা পরবর্তী সময়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে ঘোষণা দিয়ে বলেছিল, আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি, আমাদের বিচার করার ক্ষমতা কারও নেই। আমাদের সঙ্গে জিয়াউর রহমান আছে।’

গতকাল শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা, নড়িয়া সরকারি কলেজ ও সখিপুর থানা ছাত্রলীগ আয়োজিত দোয়া ও স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সভায় আরও অংশগ্রহণ করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহ্বায়ক ইমরান খালাসী, সখিপুর থানার সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমুখ।