‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি’

নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকনেলের কাছে প্রশ্ন গেল– বাংলাদেশে নিউজিল্যান্ড কেমন করবে? উত্তরে এই সিরিজের কিউই হেড কোচ জানান, ‘সময়ই বলে দেবে। তবে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি।’ কোচের কণ্ঠ শুনেই বোঝা যায় আত্মবিশ্বাসী শুধু তিনি নন, পুরো দলই। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে অন্তত অস্ট্রেলিয়ার মতো অসহায় আত্মসমর্পণ না করার মনোভাব নিউজিল্যান্ডের। শুধু তাই নয় বাংলাদেশে কাজ করে যাওয়া কোচদের কাছ থেকেও পরামর্শ নিয়ে এসেছেন পোকনেলরা। তাই নিউজিল্যান্ড খুব ভালো প্রস্তুতি নিয়েই এ সিরিজে এসেছে বলা যায়।

অস্ট্রেলিয়া সিরিজে খুব ভালোভাবেই নজর রেখেছে কিউইরা। মিরপুরের মতো উইকেট তৈরি করে লিঙ্কন ও ডানেডিনে দুটি অনুশীলন ক্যাম্প করেছে তারা। সেই ক্যাম্পগুলো দলটিকে ভালো করার আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানান পোকনেল। এ সিরিজে দলের সম্ভাবনা সম্পর্কে বলেন, ‘সময়ই বলে দেবে, তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। নিউজিল্যান্ডে এখানকার মতো কন্ডিশন তৈরি করে আমরা দুটি অনুশীলন ক্যাম্প করেছি। এখন পর্যন্ত আমাদের হাতে সেরা প্রস্তুতি নেওয়ার বিষয়টিই আছে, সেটা আমরা করেছি। এখন আমাদের মাঠে পারফরম করতে হবে।’

সিরিজে নিউজিল্যান্ডের প্রস্তুতির আরেক উপসর্গ বাংলাদেশের কোচিং স্টাফ। বর্তমান দলটির সঙ্গেই এসেছেন থিলান সামারাভিরা। কিউইদের বর্তমান ব্যাটিং কোচ আগে একই দায়িত্বে ছিলেন বাংলাদেশ দলে। এছাড়া সাবেক বোলিং কোচ শেন জার্গেনসেনের সঙ্গেও কথা বলেছেন কিউই বোলাররা। সবচেয়ে বড় ব্যাপার সাবেক কোচ জেমি সিডন্সের সঙ্গে কাজের সুবাদে তার কাছ থেকেও বাংলাদেশের কন্ডিশনের ধারণা পেয়েছেন পোকনেল। এই কোচদের কাছ থেকে পাওয়া তথ্য তাদের দারুণ উপকার করছে বলে জানান কিউই কোচ, ‘জেমির সঙ্গে তিন বছর কাজ করেছি। বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ব্যাপক। এছাড়া থিলান আছে, সে তার অভিজ্ঞতা থেকে আমাদের ব্যাটসম্যানদের এখানকার তথ্য জানাচ্ছে। এছাড়া স্পিন বোলিংয়ে এখানে কীভাবে খেলতে হয় সেটাও জানাচ্ছে। আশা করি এই অভিজ্ঞতাগুলো ম্যাচে কাজে দেবে।’ পোকনেল বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভয়ংকর বললেন মোস্তাফিজুর রহমানকে। ফিজকে নিয়ে বিস্তর কাজ করেছেন তারা। কিন্তু পোকনেল ভালো করেই জানেন ম্যাচে সফল না হলে সে সবের মানে নেই।

এদিকে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র শিখতে চান ফিজ ও সাকিব আল হাসানের কাছ থেকে। আসলে অভিষেক সিরিজে বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে তারা। বাংলাদেশ দলে সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মোস্তাফিজদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা আছেন। তাদের কাছ থেকে আমরাও শিখতে পারি। নিজেদের কন্ডিশন কীভাবে কাজে লাগাতে হয় সেটা শিখব। এছাড়া এমন কন্ডিশন কীভাবে কাজে লাগাতে হয় সেটাও শিখতে পারব এবং আমরাও তা কাজে লাগাতে পারব।’