ফরিদপুরের নদীবন্দর এলাকায় একটি ট্রলার ডুবে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান মেলেনি চার দিনেও।
গত বুধবার বিকেলে ফরিদপুরের নদীবন্দর এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ শিক্ষককে নিয়ে ট্রলারটি তিন নম্বর জেটি এলাকায় ডুবে যায়। এ সময় ১৪ শিক্ষক ও মাঝি তীরে উঠতে পারলেও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন ও সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজমল হেসেন নিখোঁজ হন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলমিুজ্জামান গতকাল শনিবার দুপুর ২টার দিকে জানান, খবর পেয়ে ওই দিন থেকেই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি জানান নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে কয়েকটি টিম নদীতে উদ্ধারকাজ পরিচালনা করছে।
প্রসঙ্গত, ১৬ শিক্ষকের একটি দল ফরিদপুর সদর উপজেলার খলিল ম-লের হাট এলাকা থেকে ট্রলারে করে আনন্দ ভ্রমণে বের হয়ে বুধবার বিকেলে নদীবন্দর এলাকায় পৌঁছান। এখানে যাত্রাবিরতি শেষে সাড়ে ৫টার দিকে ফের যাত্রা শুরুর জন্য নৌকায় ওঠেন। কিন্তু ট্রলারের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে স্রোতের তোড়ে ঘাট এলাকাতেই ডুবে যায় ট্রলারটি। এ সময় ১৬ জনের মধ্যে ১৪ জন সাঁতরে এবং স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হন। কিন্তু দুই শিক্ষককে আর খুঁজে পাওয়া যায়নি।