রাজধানীর হাতিরঝিল থানাধীন উলনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ইটের আঘাতে কামরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আজিজুল হাসিবও (১৯) আহত হয়েছেন।
গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানাধীন উলনের ৫৭ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাতেই মৃত ঘোষণা করেন।
কামরুল ইসলামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামে। দুই ছেলেসহ পরিবার নিয়ে উলনের ওই বাড়িটির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পেশায় শেয়ার ব্যবসায়ী।
হাতিরঝিল থানার এসআই মিনহাজুল ইসলাম জানান, বাড়ির গেট খোলাকে কেন্দ্র করে কামরুল ইসলামের সঙ্গে বাড়ির মালিকের ছোট ভাই জিকুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিকু ইট দিয়ে কামরুল ইসলামের মাথায় আঘাত করে। পরে বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।