‘সন্ধ্যা সাড়ে ৬টার পর ছাত্রীরা একা বের হবে না’

এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর বিতর্কিত এক নোটিশ জারি করেছে ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে সন্ধ্যা সাড়ে ৬টার পর ছাত্রীরা একা ক্যাম্পাসের বাইরে বের হতে পারবেন না।

নতুন এই নির্দেশিকা জারির পর সমালোচনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গত ১৭ আগস্ট সন্ধ্যায় চামুন্ডি হিলসের কাছে এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে ছয়জন। তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ২৩ বছরের ওই ছাত্রীকে। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

ঘটনার একগুচ্ছ নির্দেশিকা জারি করে মাইসোর বিশ্ববিদ্যালয়। একটি নির্দেশনা হলো- ‘সন্ধ্যা সাড়ে ৬টার পর ছাত্রীদের একা একা ক্যাম্পাসে বসে থাকা বা ঘোরাফেরা করা যাবে না।’

তবে এই নির্দেশিকা নিয়ে শুরু হয় বিতর্ক। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, পুলিশি নজরদারি, নিরাপত্তারক্ষী নিয়োগ, সিসিটিভি ক্যামেরার বদলে মেয়েদের উদ্দেশে নির্দেশিকা কেন দেওয়া হলো?

অনেকে পাল্টা যুক্তিও দিচ্ছেন। তাদের মতে, পুলিশি নজরদারি, সুষ্ঠু পরিবেশ যখন নেই, তখন এমনটা করা ছাড়া উপায় নেই। ছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে।

এদিকে যৌন নিগ্রহের ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।