বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল বলেছেন, 'একটি সভ্য দেশের কোনো জনগোষ্ঠি আতঙ্কে বসবাস করতে পারে না। যদি হয়, তাহলে সেটাই প্রমাণ করে যে, সেই দেশে মারাত্মকভাবে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে।'
রোববার বিভিন্ন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত 'সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস, খাসিয়া আদিবাসীদের ওপর হামলা ও উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদ' শীর্ষক ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সুলতানা কামাল বলেন, 'কতজন বনবাসী কোটিপতি হয়েছেন, আর কতজন বন বিভাগের কর্মকর্তা কোটিপতি হয়েছেন। পত্রিকায় দেখলে মনে হয়, বন বিভাগের লোকজনই তো কোটিপতি হয়েছেন।'
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'বাংলাদেশে বন বিভাগ না থাকলেও চলে। কারণ বন বিভাগের মাধ্যমে প্রকৃতি বা বন উপকৃত হয়েছে এমন নজির নেই।'
রিজওয়ানা হাসান আরো বলেন, 'বন বিভাগের আইন তো বাংলাদেশের না, সেটা তো ১৯২৭ সালের ব্রিটিশ আইন। তাহলে সেই আইন থেকে কোনো উপকার কীভাবে পাব।'
বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, 'বন বিভাগ এখন জমিদারের অবস্থায় অবতীর্ণ হয়েছে।'
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, 'বন বিভাগ না বলে বনদস্যু বলা উচিত। বন কর্মকর্তাদের সম্পদের হিসাব নিলেই বন বিভাগের অনেক গণি মিয়া পাওয়া যাবে।'
আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন, 'বন বিভাগ হলো একমাত্র বিভাগ, যার কারণে সরকারের এক পয়সার কোনো উপকার হয়নি। তারা শুধু জানে, গাছ কাটতে ও বনে বসবাসরত জনগোষ্ঠিকে উচ্ছেদ করে দখল করতে।'
নিজেরা করি'র সমন্বয়কারী মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, 'বনবাসীদের উচ্ছেদ পায়তারা কোনোভাবে মেনে নেওয়া যাবে না।'
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেছেন, 'সংখ্যালঘু মানুষ লড়াই করে টিকে থাকতে পারবে না। তাদের রক্ষার দায়িত্ব সরকারের। প্রশাসনকে আদিবাসীদের সঙ্গে কথা বলতে হবে।'
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা সভাপতি সুলতানা কামাল।
এ ছাড়া বাপা ও আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে যোগদান করেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।