প্রেস ক্লাবে ড. কামাল

সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে

বর্তমান সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ‘মাঠে নেমে আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘রাষ্ট্রপরিচালনায় জনগণের রাজনৈতিক ক্ষমতা, নেতৃত্ব ও কর্র্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দলীয় আনুগত্যশীল রাষ্ট্রযন্ত্রের পরিবর্তে দেশের মালিক জনগণের প্রতি আনুগত্যশীল রাষ্ট্রযন্ত্র গড়ে তুলতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে সামগ্রিকভাবে পুনর্গঠনের লক্ষ্যে করণীয় স্থির করতে হবে এবং বাস্তবায়নের অন্যতম কৌশল হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান মতে জনগণের স্বার্থ অধিকার ও অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীন চিন্তা ও বিবেকের স্বাধীনতা হরণ করে রাষ্ট্রপরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণের বিধানকে অগ্রাহ্য করা হয়েছে।