ফলাফল বিপর্যয় ঘটায় পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর নীলক্ষেতে আবারও আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ১০টা থেকে শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবি, ৮০ শতাংশ অকৃতকার্য শিক্ষার্থীর খাতা সঠিক মূল্যায়ন করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিস প্রদান করতে হবে। সব বিভাগের ফলাফল ৯০ দিনের ভেতর প্রকাশ করতে হবে। একই সঙ্গে আটকে থাকা বিষয়গুলোর ফলাফল আগামী ৭ দিনের ভেতর প্রকাশ করতে হবে।
আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থী রেদোয়ান হোসেন দেশ রূপান্তরকে বলেন, স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় মার্কেটিং বিভাগে ‘বাংলাদেশ ও অর্থনীতি’ বিষয়ে গণহারে ফেল। এ ছাড়া ইংরেজি বিভাগ, ব্যাংকিং এবং ফিন্যান্স বিভাগেও নির্দিষ্ট একটা বিষয়ে গণহারে ফেল। এটা হওয়ার কথা নয়।
ইংরেজি বিভাগের লোকমান হোসেন বলেন, ভাইভায় আমাদের বৃহৎ সংখ্যক শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে। ভাইভায় কী করে প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল করতে পারে? বলেও প্রশ্ন তোলেন এই শিক্ষার্থী।