রাজবাড়ীতে ফেরির অপেক্ষায় ৫ কিলোমিটার ট্রাকের সারি

দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পাঁচ কিলোমিটার ট্রাকের সারি রয়েছে। ট্রাক চালকরা জানান, দুই দিন অপেক্ষা করেও তারা ফেরিতে উঠতে পারেননি।

দৌলতদিয়া ঘাটে যানজট এড়াতে ঘাট থেকে ১৫ কিলোমিটার দূরে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ মোড়ে পণ্যবোঝাই ট্রাকের সারি করে রাখা হয়। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও জরুরি পণ্যের ট্রাক পার করার পর এসব ট্রাক পার করা হয়।

গতকাল রবিবার সকাল থেকে দেখা যায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী ট্রাকগুলোও এই রাস্তায় পারাপারের জন্য সিরিয়ালে রাখা হচ্ছে। ট্রাকের সিরিয়াল আলীপুর ইউনিয়নের আলাদীপুর পর্যন্ত পৌঁছেছে। ট্রাকের চালক ও সহকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খুলনা থেকে আসা ট্রাক চালক প্রকাশ বিশ্বাস বলেন, তিনি গত শুক্রবার দুপুরে এখানে এসেছেন। গাজীপুরে যাবেন। রবিবার সকালে তিনি ঘাটের দিকে যেতে পারেননি। এখানে এভাবে থাকা-খাওয়াসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘাটে ১৭টি ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে পারাপার হতে বেশি সময় লাগছে। এ ছাড়া বাংলাবাজার রুটের গাড়ি এদিকে আসছে। যার ফলে পারের অপেক্ষায় থাকা গাড়ির সারি বাড়ছে।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সúেক্টর তারক পাল বলেন, ফেরিঘাটের যানজট কমানোর জন্য এই ট্রাকগুলো এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। সুযোগ মতো পার করা হচ্ছে। এই পণ্যবোঝাই ট্রাকগুলোর নিরাপত্তার জন্য সব ব্যবস্থা আমরা রেখেছি।