ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেল চার দিনের রিমান্ডে

প্রতারণা করে গ্রাহকের ১১শ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী শান্তনু ধর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এর আগে গত ২৩ আগস্ট ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান ও চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া।

গত ১৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এই তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।