সীতাকুন্ডে সাগর উপকূল থেকে যুবকের লাশ উদ্ধার

সীতাকুন্ডের সাগর উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটের সাগর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাকিম আরজু জানান, সাগর উপকূলে অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে জানালে বিষয়টি আমি সীতাকুন্ড থানাকে অবহিত করি। এরপর রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের। পচে যাওয়ার ফলে চেহারা বোঝা যাচ্ছে না।

লাশের পরনে হলুদ-কালো ডোরাকাটা টি-শার্ট ও হাফপ্যান্ট ছিল।