রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক ইকবাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্ত্রী ড. শাকিলা ফাতিমা শিল্পী ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।
তার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
অধ্যাপক তৌফিক ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেওয়ার পর ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি তুরস্ক ও জার্মানির দুটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। দেশে-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তার পঞ্চাশের বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।