পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা,) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৬৩ দিনব্যাপী বিশেষ মাহফিল রাজধানীর রাজারবাগ দরবার শরিফে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে রাজারবাগ দরবার শরিফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মুহম্মদিয়া জামিয়া শরিফ গবেষণাগারের গবেষক আল্লামা মুহম্মদ আলমগীর হুসাইন বলেন, ‘আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বাদ আসর এই বরকতময় মাহফিল শুরু হবে। একই সঙ্গে মুহম্মদিয়া জামিয়া শরিফ বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিদিন বাদ জোহর মহিলাদের বিশেষ তালিম প্রদান করা হবে। এ সময় সমস্ত মুসলিম উম্মাহকে ওই মাহফিলে অংশগ্রহণের দাওয়াত দেন রাজারবাগ দরবার শরিফের প্রতিনিধিরা।
মুফতিয়ে আ’যম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ বলেন, ‘১২ রবিউল আউয়াল দিনের বেলা মাহফিল ঢাকা রাজারবাগ দরবার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে; যা অনলাইনে সারা বিশে^ একযোগে সম্প্রচারিত হবে এবং কোটি কোটি মানুষ অনলাইন ও অফলাইনের মাধ্যমে বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করবেন। ঢাকা শহরজুড়ে বিতরণ হবে ৬৩ হাজার তবারকের প্যাকেট। একই সঙ্গে দেশের প্রতি জেলায় এবং বিশে^র বহু দেশে তবারক বিতরণ করা হবে। দেশের সবচেয়ে বড় গরু, মহিষ, খাসিসহ শত শত গরু এবং খাসি জবাই করা হবে ওই দিন।’
সংবাদ সম্মেলনে নবী করিম (সা.) মুবারক শানে বেয়াদবি করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন জারি করার আহ্বান জানানো হয়।