একাদশে সুযোগ পাওয়াই দুই নবীনের চ্যালেঞ্জ

কিরগিজস্তানের বিশকেকে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ডাক পাওয়া দুই প্রবাসী ফুটবলার। দলের মূল একাদশে নিজেদের প্রতিষ্ঠিত করাই এখন তাদের মূল লক্ষ্য। ওদিকে কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ত্রিদেশীয় আসর খেলতে যাওয়ার কথা বলেছেন ইংলিশ কোচ জেমি ডে।

ফ্রান্স ও কানাডা থেকে রবিবার রাতে বিশকেকে পৌঁছেছেন নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান। পৌঁছেই দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পান দুই তরুণ। লাল-সবুজ জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তাহমিদের ফ্রান্সের ইউএসএ ভারতু ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। তিনি বলেন, ‘গতকাল রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আজ প্রথম অনুশীলন করছি। সত্যি এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। চেষ্টা করব ভালো খেলে নিজেকে প্রমাণ দিয়ে সেরা একাদশে নাম লিখাতে।’ কানাডার নর্থ টরেন্টো সকার ক্লাবের ফুটবলার ২৫ বছর বয়সী ফরোয়ার্ড রাহবার। তিনি বলেন, ‘প্রথম দিনের অনুশীলন সব মিলিয়ে ভালো ছিল। সবাই আমাদের স্বাগত জানিয়েছে। পরের ট্রেনিং সেশনগুলোতে চেষ্টা থাকবে দ্রুত মানিয়ে নিয়ে ভালো করার। তবেই হয়তো আসন্ন আসরে খেলার সুযোগ মিলবে।’

ত্রিদেশীয় সিরিজ বলা হলেও এখানে খেলবে চারটি দল। কিরগিজস্তান জাতীয় দল, ফিলিস্তিন ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল খেলবে ফাইনালহীন এই আসরে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে ৫ সেপ্টেম্বর। দু’দিন পর কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ। আর ৯ সেপ্টেম্বর কিরগিজ অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে ম্যাচ খেলে দল দেশে ফিরবে। এই আসরটি মূলত অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। জেমি তাই এই মঞ্চে দল নিয়ে কিছু নির্দিষ্ট কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে জানান, ‘এখানে আসার পর ভালো দুটি অনুশীলন সেশন কাটিয়েছি। ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলোকে সামনে রেখে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি। ফুটবলাররাও চেষ্টা করছে এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে। সামনের দিনগুলোর অনুশীলন সেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। দুই প্রবাসী ফুটবলার দলের সঙ্গে আজ অনুশীলন করেছে। আশা করছি সামনের দিনগুলোতে দল ত্রিদেশীয় সিরিজের জন্য শতভাগ প্রস্তুত হয়ে উঠবে।’