বন্ধুর সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাসে তরুণীকে ধর্ষণ: এসআই গ্রেপ্তার

এক তরুণীর ধর্ষণ মামলায় ঢাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এসআই খায়রুল আলম ঢাকার শেরে বাংলা নগর থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে গুলশান থানায় ধর্ষণের এ মামলা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক তরুণীর মামলায় মঙ্গলবার খায়রুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত সূত্র জানায়, এসআই খায়রুলকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাকে এক দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় মাসখানেক আগে ২০ বছরের ওই তরুণী তার এক বন্ধুর বিরুদ্ধে মামলা করতে শেরে বাংলা নগর থানায় গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে খায়রুলের পরিচয় হয়।

মামলার এজাহারের বরাতে পুলিশের এক কর্মকর্তা জানান, বন্ধুর সঙ্গে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে এসআই খায়রুল সোমবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে ওই তরুণীকে নিকেতনে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সঙ্গে তাকে মারধর করা হয় এবং ঘটনাটি গোপন রাখার জন্য হুমকি দেওয়া হয়।