ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন সালেহীন কাদরী। তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।
ঢাবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ সূত্রে জানা যায়, সালেহীন কাদরী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোরের দিকে তিনি মারা যান।
সালেহীন কাদরীর স্ত্রী বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। তিনি র্যামন ম্যাগসাইসাই- ২০২১ পুরস্কার পেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সালেহীন কাদরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।