৮ দফা দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ। সেখানে তিনি ৮ দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সুশাসনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। করোনা ভাইরাস সংকটের মধ্যেও উন্নয়ন মহাপরিকল্পনা এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।”

“দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশ গ্রহণের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানগণ অনেক উৎসাহ নিয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, উপজেলায় উন্নয়নমূলক প্রত্যক্ষ কর্মকাণ্ডে আমাদের কোন ভূমিকা নাই। এ জন্য আমরা মহিলা ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানাচ্ছি।”

দাবিসমূহ

১. এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নে অধিকার ও সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

২. উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরায়ন ক্ষমতা বাস্তবায়ন করা।

৩. স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নারী উন্নয়ন ফোরামের ৩ শতাংশ বরাদ্দ মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে কার্যকর করা।

৪. উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটের ২৫% নারী উন্নয়ন খাতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করা।

৫. মহিলা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে সকল উন্নয়ন কার্যক্রমে মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্ত করা।

৬. গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যানদের তদবিষয়ে দায়িত্ব প্রদান।

৭. প্রান্তিক জনগণ ও প্রশাসন পর্যায়ে নারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিবহন ব্যবস্থা করা।

৮. প্রত্যেক উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানদের উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত আসনের মাননীয় মহিলা সংসদ সদস্যদের দায়িত্ব প্রদান করা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, ফুলবাড়ীর মোছা. নীরু শামসুন্নাহার, পার্বতীপুরের রুকশানা বারী রুকু, পঞ্চগড় জেলার দেবীগঞ্জের রিতু আক্তার, পঞ্চগড় সদরের নীলুফার ইয়াসমিন, ময়মনসিংহ ফুলপুরের রোকিয়া পারভীন লাকি, তারাকান্দার সালমা আক্তার কাঁকন, গৌরীপুরের সালমা আক্তার রুবি, সিরাজগঞ্জের কামারখন্দের মোছা. স্বপ্না খাতুন, নীলফামারী সদরের সান্তনা চক্রবর্তী প্রমুখ।

মানববন্ধন শেষে দুপুরে তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের এক বর্ধিত সভায় ড. সেলিনা রশিদকে সভাপতি ও মোছা. লায়লা বানুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।