প্রাকৃতিক বিপর্যয়ে ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু

গত ৫০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ পাঁচগুণ বেড়ে গেছে। এই সময়ের মধ্যে ২০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৩ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ তথ্য জানিয়েছে।

১৯৭৯ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ১১ হাজারের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে একটি জরিপ চালিয়েছে ডব্লিউএমও। ১৯৮৩ সালে ইথিওপিয়ার ভয়াবহ খরায় তিন লাখ মানুষের মৃত্যু হয়। অপরদিকে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত হানে। এতে ১৬৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার সম্পদের ক্ষতি হয়। এসব বিষয় উঠে এসেছে ওই জরিপে।

নতুন ওই প্রতিবেদন থেকে জানা যায়, সত্তরের দশক থেকে প্রাকৃতিক দুর্যোগ পাঁচগুণ বেড়ে গেছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছেই। সত্তরের দশকে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে ১৭৫ দশমিক ৪ বিলিয়ন ডলার ছিল, সেখানে গত দশকে হার্ভে, মারিয়া এবং ইরমার মতো ঘূর্ণিঝড়ের কারণে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলারে।

ডব্লিউএমওর মহাসচিব পেটেরি তালাস বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষতিও বাড়তে শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়লেও প্রাণহানি কমেছে।