রেললাইনে বসে মোবাইল গেম, ট্রেনের ধাক্কায় নিহত ১

যশোরের অভয়নগরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে দুই যুবক  মোবাইল ফোনে খেলার (গেমস) সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় রেলপথের ওপর বসে মোবাইল ফোনে গেম খেলার সময় এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন জুবায়ের হোসেন (২১) নামের যুবককে পা কাটা অবস্থায় চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালের চিকিৎসক ইফফাত শারমীন দিপ্তি জানান, ট্রেনে কাটা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।