বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর, একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মো. আলী আশরাফ, একজন সাবেক প্রতিমন্ত্রী এবং ছয়জন সাবেক এমপির মৃত্যুতে সংসদে গতকাল বুধবার সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এতে একাদশ সংসদের গত ১৩তম অধিবেশন শেষ হওয়ার পর এ ১৪তম অধিবেশন শুরুর আগপর্যন্ত যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল ১৪তম অধিবেশনের প্রথম কার্যদিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে মো. আলী আশরাফের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।

শোক প্রস্তাবে সাবেক একজন প্রতিমন্ত্রী এবং সাবেক ছয়জন এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তারা হলেনÑ সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন সরকার, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য (এমএনএ) আলহাজ জামাল উদ্দিন আহম্মদ, সাবেক এমপি খুররম খান চৌধুরী, মো. রেজা খান, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সাবেক এমপি অধ্যাপিকা জাহানারা বেগম এবং সাবেক এমপি আনোয়ার হোসেন।

এছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মুক্তিযোদ্ধা এসএ সামাদ, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং, জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগম, মমতা হেনা লাভলী এমপির মা আনোয়ারা খানম, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির মা মনোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার ও সচিব মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মো. মুছা মিয়া সিআইপি, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম এবং সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতাকর্মী শ্রী শংকরের মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

শোক প্রস্তাবে করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে মারা যাওয়া ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারীর জন্য শোক প্রকাশ করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে হতাহত, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে ভূমিকম্পে হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। শেষে তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হাফেজ রুহুল আমিন মাদানি। এরপর সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের সদস্য অধ্যাপক আলীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।